কক্সবাজারে প্রস্তুত ১১শ’ আশ্রয়কেন্দ্র
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় কক্সবাজারে প্রায় ১১শ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। এছাড়াও জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়য়া জানান, জেলার ৫৩৭টি আশ্রয় কেন্দ্র এবং ৫৩৪টি স্কুল আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়ের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে তা খুলে দেয়া হবে।
সভায় রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলাব্যাপী ৩ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আগে, চলমান এবং পরবর্তী পর্যায়ে সহায়তার জন্য প্রস্তত রয়েছে জেলার স্বেচ্ছাসেবকরা।
সভায় জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, রোববারের সভার পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় প্রচারণা (মাইকিং), ১১৩টি জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা, কন্ট্রোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিদের্শনা দেয়া হয়েছে। একই সঙ্গে খাবার মজুদ রাখা হয়েছে বলেও তিনি জানান।
