অপহৃত শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার
চট্টগ্রামে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে নগরীর চান্দগাঁও এলাকা থেকে চার বছরের শিশুকে উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার গভীররাতে শিশু নাজিহা মাহমুদ তুরিনকে চান্দগাঁও থানার হাজেরাতুজ ডিগ্রি কলেজ এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তুরিন চান্দগাঁও থানার গোলাম আলী নাজির বাড়ি এলাকার মো. ফিরোজ আহম্মদের মেয়ে। বৃহস্পতিবার সকালে তাদের বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়েছিল।
র্যাব-৭ এর কর্মকর্তা এএসপি রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, শিশুটির মামা মো. নেওয়াজের এক লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নেওয়াজ র্যাবের কাছে অভিযোগ করেন- তার ভাগ্নিকে অপহরণ করে মোবাইল ফোনে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।পরে র্যাব অপহরণকারীদের সঙ্গে শিশুটির আত্মীয় পরিচয়ে কথা বলে এবং মুক্তিপণ দিতে তারা রাজি আছেন বলে জানান।
দরকষাকষিতে অপহরণকারীরা রাজি হয়ে তাদের অবস্থান জানায়।
অপহরণকারীদের জানানো স্থানে অভিযান চালালে শিশুটিকে কলেজ মাঠে রেখে তারা পালিয়ে যায়। পরে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে ।
