২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির রায়: সিলেটে জামায়াতের ভাংচুর

মোহাম্মদ কামরুজ্জামানের ফাঁসির রায়ের পর সিলেটে ঝটিকা মিছিল, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বৃহস্পতিবার বেলা আড়াইটায় নগরীর দরগামহল্লা, সুবিদবাজার, পাঠানটুলা, দর্শণদেউড়ী ও তেমুখী এলাকায় এ সহিংসতা চালায় তারা।

এ সময় ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্তত ১২টি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী বলেন, বেলা আড়াইটার দিকে নগরীর দরগামহল্লা থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি আলীয়া মাদরাসার পেছনে পৌঁছলে টহল পুলিশ ধাওয়া করে।

এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এরপর তারা সুবিদবাজার, পাঠানটুলা, দর্শণদেউড়ী  এলাকায় যানবাহন ভাংচুর করে।

টুকেরবাজার তেমুখীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ পৌঁছলে দুইটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে পালিয়ে যায়।

মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, কয়েকটি স্থানে জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা-মিছিল ও ভাংচুর করার সয় পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।