২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই বেড়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

তাবারুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 06:55 AM

Updated : 13 Oct 2022, 02:51 PM

চট্টগ্রাম বোর্ডে এবারে পাশের হার ৮৮ দশমিক ০৪ শতাংশ। গতবারের চেয়ে পাশের হার বেড়েছে ৯ দশমিক ০৩ শতাংশ পয়েন্ট। ২০১২ সালে পাশের হার ছিল ৭৯ দশমিক ০১ শতাংশ।

এবারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বেড়েছে দুই হাজার ২৩৭ জন। এবার চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ এই জিপিএ পেয়েছে সাত হাজার ৩৫৮ জন শিক্ষার্থী। গতবারে এ সংখ্যা ছিল পাঁচ হাজার ১২১।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭৩ ছাত্র এবং ছাত্রী ৩ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার বেলা এগারটায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পীযুষ দত্ত বলেন, গতবারের তুলনায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার সামগ্রিক ফলাফলে উন্নতি হয়েছে।

এবারে চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ৫৮৫ জন। এর মধ্যে ৮৬ হাজার ৩৬৭ জন পরীক্ষায় অংশ নেয়, পাশ করে ৭৬ হাজার ৩৭ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা ব্যবস্থার উন্নতি হওয়ায় ফলাফলেরও উন্নতি হয়েছে।

এবারেই প্রথমবারের মতো জেএসসি পরীক্ষায় উত্তীর্ণরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়ায় সামগ্রিক ফলাফলে উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞান বিভাগে পাশের হার ৪ দশমিক ৯৯ শতাংশ পয়েন্ট বেড়ে এবার ৯১ দশমিক ৯৯ শতাংশ হয়েছে।

মানবিক বিভাগে গতবার পাশ করেছিল ৬৫ দশমিক ১২ শতাংশ। এবার এ বিভাগ থেকে পাশ করেছে ৭৯ দশমিক ৭৭ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ, গতবার যা ছিল ৮১ দশমিক ৮২ শতাংশ।

পীযুষ দত্ত জানান, গতবারের মতো এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। এবার ৪০ হাজার ৬৫৮ জন ছাত্রী এবং ৩৫ হাজার ৩৭৯ জন ছাত্র পাশ করেছে।

শীর্ষে কলেজিয়েট স্কুল

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে সামগ্রিকভাবে ফলাফলে প্রথম হয়েছে কলেজিয়েট স্কুল। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪১৮ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন। সামগ্রিকভাবে তাদের পয়েন্ট ৯৫ দশমিক ৭০।

৯০ দশমিক ৫৪ পয়েন্ট নিয়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির ৩৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে ২৮০ জন জিপিএ-৫ পেয়েছে।

৮৮ দশমিক ৮৬ পয়েন্ট নিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ রয়েছে তৃতীয় স্থানে। প্রতিষ্ঠানটির ৪২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।

এর পরের অবস্থানে আছে যথাক্রমে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (৮৮ দশমিক ৭৫), ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৮ দশমিক ৫৭), ক্যান্টম্যান্ট ইংলিশ স্কুল (৮৬ দশমিক ৯৯), সিলভার বেলস্ বালিকা উচ্চ বিদ্যালয় (৮৬ দশমিক ৬৪), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৮৬ দশমিক ৬২), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৮৬ দশমিক ৫৭) এবং সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৮৩ দশমিক ৬১)।

শতভাগ পাশ

Image
পরীক্ষার ফল হাতে পেয়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

পরীক্ষার ফল হাতে পেয়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শতভাগ পাশ করেছে ৮৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল ৪৫টি।

তবে পাশের হার শূন্য এমন বিদ্যালয়ের সংখ্যা গতবারের মতো এবারও নেই বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

নগরীর বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪০১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে।

এ তালিকায় শীর্ষদশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৩৩৮ জন), সেন্ট স্কলাসটিকাস বালিকা উচ্চ বিদ্যালয় (২০১), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৬৪), সেন্ট প্ল্যাসিডস স্কুল (১৫৫), অপর্ণাচরণ সিটি করপেরেশন বালিকা উচ্চ বিদ্যালয় (১৪৫), পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৪৫), বাংলাদেশ ব্যাংক কলোনি হাই স্কুল (১৩২), রেলওয়ে পাবলিক হাই স্কুল (১৩১) ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১২২)।

জিপিএ-৫

এবার চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কলেজিয়েট স্কুলের (৩৮৯ জন) শিক্ষার্থীরা। শীর্ষ দশ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো, যথাক্রমে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ (২৯০), ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (২৮০), সরকারি মুসলিম হাই স্কুল (২৫৪), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (২৪৩), নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ (২৩৫), নাসিরাবাদ সরকারি হাই স্কুল (২০৮), চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৬০), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৩৭) ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১১০)।