বৃষ্টির মধ্যে রায়ের অপেক্ষা
জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন মুক্তিযোদ্ধা, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাসহ বিশিষ্টজনরা।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ ইতোমধ্যে যুদ্ধাপরাধের এ মামলার রায় পড়া শুরু করেছে।
রায় উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই সাংবাদিক, আইনজীবীসহ বিশিষ্টজনরা ট্রাইব্যুনালে আসতে শুরু করেন। সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে।
ট্রাইব্যুনালের তিন সদস্য বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও শাহিনুর ইসলামও আদালতে পৌঁছান সকাল ১০টার দিকে।
একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ অনেকেই ট্রাইব্যুনালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং কামারুজ্জামানসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বেলা পৌনে ১১টার দিকে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা নিয়ে ট্রাইব্যুনালের সামনে পৌঁছান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিরের সদস্যরা। কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান তাদের নেতৃত্ব দিচ্ছেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (পেট্রোল) ইমানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দোয়েল চত্বর, কদম ফোয়ারা, সরকারি কর্মজীবী হাসপাতাল মোড়ে বেরিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।
ট্রাইব্যুনালের বাইরেও পুলিশ ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিচার শুরু হয়।
প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়েছে, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কামারুজ্জামান জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রসংঘের ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন। ২২ এপ্রিল তিনি জামালপুরের আশেক-মাহমুদ কলেজের ইসলামী ছাত্রসংঘের বাছাই করা নেতাকর্মীদের নিয়ে আলবদর বাহিনী গড়ে তোলেন।
