বেনাপোলে কর্মবিরতি স্থগিত, কাজকর্ম শুরু
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতি স্থগিত করেছেন আন্দোলনকারীরা।
বুধবার সকাল থেকে হরতালের মধ্যেও আমদানি-রপ্তানিসহ স্বাভাবিক কাজকর্ম চলছে।
বখশিসের নামে শ্রমিকদের ‘চাঁদাবাজির’ প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের আশ্বাসের পরিপেক্ষিতে তারা কর্মবিরতি স্থগিত করেছেন।
নৌপরিবহন মন্ত্রী শাহাজান খান আগামী ১৮ মে বন্দর পরিদর্শনে আসবেন।ওই সময় বিষয়টির সুরাহা হবে বলে আশ্বাস দেয়ায় ১০দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
“ওইদিন দাবি পূরণ না হলে আন্দোলনকারীরা আবারো কর্মবিরতি শুরু করতে বাধ্য হবেন,” বলেন তিনি।
মঙ্গলবার দুপুরে শেখ আফিল উদ্দিন বেনাপোল অ্যাসোসিয়েশন ভবনে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ট্রাক মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
এ সময় যশোরের জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান, কাস্টমসের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু, বন্দরের পরিচালক তোফাজ্জেল হোসেন ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার আকবর হোসেন বলেন, বর্তমানের এই অচলাবস্থার কারণে প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৭৮ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
