২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঢাকায় পরিবহন ধর্মঘট

হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক সহকর্মী নিহত হওয়ার প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরে আধাবেলা ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবহন শ্রমিক সিদ্দিকুর রহমানের নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগরে পরিবহন ধর্মঘট হবে।

এনায়েতুল্লাহ জানান, ধর্মঘট শেষে দুপুর ১২টায় ঢাকার ফুলবাড়িয়ায় নিহত সিদ্দিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি লাঠি মিছিল বের করবে শ্রমিকরা।

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ চলাকালে রোববার বেলা পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালায়ের সামনে ১০ থেকে ১৫টি হাতবোমা বিস্ফোরিত হয়। এরপর হেফাজতের কর্মীরা অন্তত ১৫টি গাড়িও ভাংচুর করে। এক পর্যায়ে তারা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করতে গেলে দলের কর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একের পর এক রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়তে থাকে। এ সময় পুলিশের রিকুইজিশন করা হানিফ পরিবহনের একটি বাসের হেলপার সিদ্দিকুর রহমানের (২৮) মুখে গুলি লাগে।

ওই বাসের চালক জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টেডিয়ামের পাশে সংঘর্ষের সময় দাঁড়িয়ে ছিলেন সিদ্দিকুর। এ সময় তার মুখে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।