‘ঢাকার প্রবেশপথে অবস্থান নেবে হেফাজত’
ঢাকার প্রবেশপথগুলোতে অবরোধ কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে কর্মীরা রাজধানীতে জড়ো হচ্ছেন বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।
মতিঝিলে সমাবেশে আল্লামা আহমদ শফী।
গত ৬ এপ্রিল ঢাকার মহা সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
শুক্রবার সকালে লালবাগে হেফাজতের ঢাকা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোসাইন কাশেমী বলেন,“রোববারের অবরোধের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনেকে হেফাজতকর্মী ঢাকায় এসেছেন। আরো কয়েক লাখ কর্মী ঢাকায় আসার পথে রয়েছেন।
তিনি জানান, অবরোধের লক্ষ্য থাকবে গাবতলী, পস্তোগোলা সেতু, বাবুবাজার সেতু, কাচপুর সেতু, ডেমরা সেতু ও টঙ্গির আব্দুল্লাহপুরে অবস্থান নিয়ে ঢাকার ছয়টি প্রবশ পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া।
“ফজরের নামাজের পর থেকেই হেফাজত কর্মীরা এসব স্থানে অবস্থান নেবেন।”
আহ্বায়ক নূর হোসেন কাশেমী অভিযোগ করেন, সরকার ও প্রশাসন বিভিন্ন স্থানে হেফাজত কর্মীদের কর্মসূচি পালনে বাধা দিচ্ছে।
তারপরও রোববার ‘শান্তিপূর্ণভাবে’ ঢাকা অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে উল্লেখ করেন এই হেফাজত নেতা।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে কাশেমী বলেন, “কারো ওপর হাত উঠাবেন না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি সফলের ব্যাপারে সার্বিক সহায়তা করুন।”
সারা দেশের হেফাজতকর্মীদের ৫ মে ঢাকায় নিয়ে আসার জন্য পরিবহন শ্রমিকদের উদ্দেশে আহ্বান জানান তিনি। একইসঙ্গে অবরোধের দিন কোনো পরিবহন না চালানোর আহ্বান জানান।
হেফাজতের ১৩ দফা দাবি ‘বিশ্লেষণসহ’ তুলে ধরার পরও সরকার তা মানছে না উল্লেখ করে সংগঠনের নায়েবে আমির বলেন, “ক্ষমতায় থাকতে কিংবা যেতে চাইলে ১৩ দফা মেনেই তা সম্ভব-তাছাড়া নয়।”
তিনি জানান, ঢাকায় তারা একটি সমাবেশও করতে চান। তবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
অন্যদের মধ্যে সংগঠনের নায়েবে আমির মুফতী ফয়জুল্লাহ, মুফতী ওয়াক্কাস, উপদেষ্টা আব্দুল লতিফ নেজামী, মওলানা ইসাহাক ও যুগ্ম আহ্বায়ক মওলানা আব্দুল রউফ ইউসুফী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
