২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ২৪ ভবন ভেঙ্গে ফেলার নোটিস

নরসিংদী শহরে ২৪টি ভবন বসবাসের অনুপযোগী ঘোষণা করে তা সাত দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার বিকালে পৌর সভার নির্বাহী প্রকৌশলীর মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে মালিকদের এই নোটিস দেয়।

ফাটল দেখা দেয়ার একদিনের মাথায় গত ২৪ এপ্রিল ঢাকা সাভারে একটি নয়তলা ভবন ধসে পড়ে। স্মরণকালের ভয়াবহতম ওই ভবন ধসে চার শতাধিক মানুষ নিহত হন, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।

‘রানা প্লাজা’ নামের ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা, বিপণিবিতান ও একটি বেসরকারি ব্যাংকের শাখা ছিল।

মনিরুজ্জামান বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) ইমারত নির্মাণ আইন ২০০৯ এর দ্বিতীয় তফসিল অনুযায়ী ওই ভবন মালিকদের ওই নোটিস দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে মালামালসহ এতে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে আশেপাশের ভবনের নিরাপত্তা নিশ্চিত করে পৌরসভার একজন প্রকৌশলীর তত্ত্বাবধানে তা ভেঙ্গে ফেলতে হবে।

জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।