ফাটল: সাভারে কারখানা বন্ধ
ধসে পড়া ‘রানা প্লাজা’র উদ্ধারকাজ শেষ হওয়ার আগেই সাভারে আরেকটি পোশাক কারখানায় ফাটল দেখা দিয়েছে।
বৃহস্পতিবার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় অবস্থিত ফেয়ার নিটিং লিমিডেট-এ ফাটলের খবর পেয়ে তাতে তালা ঝুলিয়ে দেয় উপজেলা প্রশাসন।
রানা প্লাজা ধস নিয়ে সমালোচনার মুখে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা ওই কারখানার চতুর্থ ও পঞ্চম তলার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকির্পূ্ণ ওই ভবনটিতে তালা ঝুলিয়ে তা বন্ধের নোটিস দেয়া হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ আদেশ থাকবে, বলেন তিনি। এই ইউএনওকে বৃহস্পতিবারই প্রত্যাহার করা হয়েছে।
নোটিস পেয়ে ফাটল ধরা ওই কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে প্রায় ৩ হাজার পোশাক শ্রমিক কাজ করেন।
ধসে পড়া রানা প্লাজার দেড় কিলোমিটার দূরে ফেয়ার নিটিং ভবনটি অবস্থিত। রানা প্লাজার মতো এই ভবনেও ওপরের একটি তলায় ভারী জেনারেটর ও যন্ত্রপাতি রয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।
ফাটল ধরার ২৪ ঘণ্টার মধ্যেই গত ২৪ এপ্রিল সভার বাস স্টান্ড এলাকার নয় তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। ওই ভবনে পাঁচটি পোশাক কারখানা ছিল।
ভবন ধসে চার শতাধিক শ্রমিক নিহত ও অসংখ্য মানুষ নিখোঁজ হয়। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অনেক শ্রমিক হাত-পা হারান।
