২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোকেনসহ ২ জন আটক

এক কেজি কোকেনসহ দুই মাদক চোরাচালানিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) তারেক আহাম্মদ বিডিনিউজ জানান, বৃহস্পতিবার ভোরে নগরীর স্টেশন রোড এলাকার পূরবী সিনেমা হল গলিতে হোটেল আরাফাতের নিচ থেকে মাদকসহ খন্দকার শরীফ উদ্দিন (৪২) ও আবদুল কুদ্দস মানিককে (৩২) আটক করা হয়।

তিনি বলেন, "জিজ্ঞাসবাদে তারা জানান, তারা ঢাকার খিলগাঁও থেকে জনি নামে এক ব্যক্তি তাদেরকে কোকেনের প্যাকেটসহ চট্টগ্রামে পাঠায়।"

জব্দ করা কোকেনের প্যাকেটে 'প্রোডাক্ট অব থাইল্যান্ড' লেখা আছে।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আবেদন করা হবে বলেও জানান তারেক।

সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধার

এদিকে বৃহস্পতিবার বিকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার পরিত্যক্ত একটি প্রাইভেট কার থেকে ৭ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি জব্দ করে থানায় আনা হয়।

তল্লাশি করে গাড়িটির গিয়ার বক্স থেকে ইয়াবাগুলো পাওয়া যায়।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।