২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল রানার তিন সহযোগী

সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে পালানোর চেষ্টায় সহযোগিতার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার তিন সহযোগী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

Image
গ্রেপ্তারের পর রানার (মাঝে) সঙ্গে অনীল দাস ও শাহ আলম মিঠু

গ্রেপ্তারের পর রানার (মাঝে) সঙ্গে অনীল দাস ও শাহ আলম মিঠু

বেনাপোলের শাহ আলম মিঠু এবং ফরিদপুরের অনীল দাস ও আবুল হাসান বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসানের আদালতে এই জবানবন্দি দেন। 

সংশ্লিষ্ট আদালতের পিপি আনোয়ারুল কবির বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাকিমের খাস কামরায় ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এই তিন জন রানাকে আশ্রয় দেয়া এবং পালানোর চেষ্টায় সহযোগিতা করার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

গত ২৪ এপ্রিল ভবন ধসের পর ঢাকা, মানিকগঞ্জ ও ফরিদপুর হয়ে বেনাপোল দিয়ে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টায় ছিলেন রানা। ফরিদপুরে তিনি অনীলের বাড়িতে রাত কাটান এবং বেনাপোলে মিঠুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এদের মধ্যে অনীল ও মিঠুকে গত ৩০ এপ্রিল বেনাপোল থেকে রানার সঙ্গেই গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

আর আবুল হোসেনকে ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তারের পর বুধবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

রিমান্ড শেষের আগেই বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে জবানবন্দি নেয়ার আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ।

ভবন ধসে প্রাণহানির জন্য হত্যাপ্রচেষ্টার অভিযোগে রানাসহ অন্যদের বিরুদ্ধে সাভার পুলিশ যে মামলা করেছে, শাহীন শাহ পারভেজ তার তদন্তের দায়িত্বে রয়েছেন।

ওই ভবনে থাকা পোশাক কারখানাগুলোর চার মালিককেও পুলিশ গ্রেপ্তার করেছে।

পুরনো খবর:

রানার সহযোগী হাসানও রিমান্ডে
রানা ১৫ দিনের রিমান্ডে