২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার সহযোগী হাসানও রিমান্ডে

ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আবুল হাসানকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সাভারে ওই ভবন ধসে চার শতাধিক প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার অন্য ১১ জনের পর হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেলো তারা।

সোমবার ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তার হাসানকে (৩০) বুধবার ঢাকার আদালতে পাঠিয়ে হেফাজতের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ। 

তদন্ত কর্মকর্তা ১০ দিনের হেফাজতে রাখতে চাইলেও হাকিম তৈয়েবুল হাসান এজন্য পাঁচ দিন সময় দিয়েছেন।

ভবন ধসে প্রাণহানির জন্য হত্যাপ্রচেষ্টার অভিযোগে রানাসহ অন্যদের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে, তাতে গ্রেপ্তার দেখানো হয়েছে হাসানকে।

র‌্যাবের বক্তব্য অনুযায়ী, গত ২৪ এপ্রিল ভবন ধসের পর রানা ফরিদপুর হয়ে ভারত পাড়ি দেয়ার সময় বেনাপোলে গ্রেপ্তার হন।

হাসান ঢাকায় গ্রেপ্তার হলেও তার বাড়ি ফরিদপুর, বেনাপোলের পথে রানা ফরিদপুরে এক রাত কাটিয়েছিলেন বলে র‌্যাব জানায়।

রানাকে পালাতে সহায়তা করায় শাহ আলম মিঠু ও অনীল নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন রানার বাবা আবদুল খালেকও।

এছাড়া ভবনে থাকার পোশাক কারখানাগুলোর চার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যথাযথ অনুমোদন না নিয়ে ভবন তৈরির অভিযোগে রাজউকের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাভার পৌরসভার দুই প্রকৌশলীকেও।

গ্রেপ্তার সবাইকেই জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়েছে পুলিশ।