গাইবান্ধায় ভবনে ফাটল দেখে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি
গাইবান্ধায় ভবনে ফাটল দেখে একটি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ পেয়ে গাইবান্ধার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজ ছুটি ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে একটি কমিটিও করেছে জেলা প্রশাসন।
অভিভাবক ও জেলা বার সভাপতি ফারুক আহমেদ প্রিন্স সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানটির উত্তরদিকে একটি চারতলা ভবনের তিনতলার দুটি কক্ষের মাঝামাঝি ছাদে ফাটল দেখা দেয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জেলা প্রশাসনের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ সকাল ১০টায় প্রতিষ্ঠানটি ছুটি ঘোষণা করেন।
প্রতিষ্ঠানটিতে প্রথম থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত ২ হাজারের অধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আপাতত শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।গঠিত তদন্ত কমিটির নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
গাইবান্ধা পৌরসভার সহকারি প্রকৌশলী মেহেদুল ইসলাম জানান, তিনতলা ভবন নির্মাণের জন্য পৌরসভার অনুমতি নিয়ে ৭/৮ বছর আগে স্কুল কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণভাবে চারতলায় শ্রেণিকক্ষ তৈরি করে।
স্কুলের অন্য আরেকটি ভবনও চারতলা পর্যন্ত অনুমতি নিয়ে পাঁচতলা করা হয়েছে বলে অভিযোগ করেন প্রকৌশলী মেহেদুল।
জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক বলেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি জরুরি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানান জেলা প্রশাসক।
