ভবন ঝুঁকিপূর্ণ, কিশোরগঞ্জে স্কুল বন্ধ
ছাদের একাংশ ধসে পড়ায় এবং ভবনে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ বিবেচনা করে কিশোরগঞ্জে একটি স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শহরের কিশোরগঞ্জ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার পর বৃহস্পতিবার থেকে সেটি বন্ধ করে দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাজহারুল ইসলাম জানান, বুধবার বিকালে ভবনের ছাদের একাংশ ধসে পড়ে। নানা স্থানে ফাটলও দেখা দেয়।
পরে গণপুর্ত বিভাগের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শণ করে তা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। বুধবার মে দিবসের ছুটি ছিল। ফলে বৃহস্পতিবার থেকে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
মাজহারুল ইসলাম ক্ষোভের সঙ্গে জানান, ভবনটি শিক্ষা মন্ত্রনালয়ের ফ্যাসিলিটিজ বিভাগ ২০০৯ সালে নির্মাণ করে। মাত্র তিন বছরেই তাতে ফাটল দেখা দিয়েছে।
