সন্দ্বীপে ৮ শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে উপকুলীয় এলাকা সন্দ্বীপ থেকে আট শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার আট জনের মধ্যে তিনজনকে উপজেলার মুছাপুর এলাকা থেকে এবং বাকি পাঁচজনকে সদর এলাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই জামায়াত-শিবিরের কর্মী।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা চট্টগ্রামের ফটিকছড়ি, নাজিরহাট, বাঁশখালী, কক্সবাজারের পেকুয়া এবং কুমিল্লার লাকসাম ও লাঙ্গলকোট এলাকার বাসিন্দা।
ওসি জানান, গ্রেপ্তাররা বিভিন্ন থানায় এজাহারভূক্ত আসামীও হতে পারে, যারা গ্রেপ্তার এড়াতে পালিয়ে এসেছে। আগামীতে যুদ্ধাপরাধীদের রায় ঘোষণার পর উপকূলীয় এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল।
