২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহায়তার আশ্বাস আইএলও ’র

রানা প্লাজায় ভবন ধসে বিপুল প্রাণহানির প্রেক্ষাপটে শ্রমিক স্বার্থ সংরক্ষণে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই আশ্বাস দেন আইএলও’র উপ মহাপরিচালক গিলবার্ট হনবো।

ওসমানী স্মৃতি মিলনায়তনের বুধবার সকালে মে দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে ভিআইপি কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইএলও কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন,সাভারে ভবন ধসে নিহতের ঘটনায় শোক এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আইএলও’র একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন হনবো।

উদ্ধার অভিযান নিয়ে সরকারের পদক্ষেপের প্রশংসাও তিনি করেছেন বলে প্রেসসচিব জানান।

শেখ হাসিনা আইএলও কর্মকর্তাকে জানান, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যেই আটক করা হয়েছে এবং তারা অবশ্যই শাস্তি পাবে।

প্রধানমন্ত্রী বলেন, তার কাছে প্রত্যেক শ্রমিকের জীবন অত্যন্ত মূল্যবান। এজন্য সরকার তাদের প্রত্যেকের উদ্ধারে পদক্ষেপ নিয়েছে এবং আহতদের যথাযথ চিকিৎসা সুবিধা নিশ্চিত এবং পুনর্বাসন করবে।

সরকার প্রণীত শ্রমনীতিতে শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামানও বৈঠকে ছিলেন।