মে দিবসে শ্রমিক 'হত্যার' বিচার দাবি
সাভারের বহুতল ভবন ধসে শত শত শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে এবারে মে দিবস পালন করছে শ্রমিকরা।
এ সময় শোষণ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মে দিসসের সূচনা করা শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের মতোই সংগ্রামের শপথ নেন তারা।
বুধবার সকাল থেকেই রাজধানীর প্রেসক্লাব, পল্টন, বিজয় নগর, নয়াপল্টন, মতিঝিল, গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, হাইকোর্ট মোড়, মৎস ভবন এলাকায় বিভিন্ন সংগঠনের হাজার হাজার শ্রমিক মাথায় লাল কাপড় ও হাতে লাল পতাকা নিয়ে মে রাজপথে নেমে আসে।
তাদের অনেকের হাতে থাকা প্ল্যাকার্ড-ফেস্টুনে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা তাদের নিজেদের দাবির পাশাপাশি প্রায় সবাই সাভারের বহুতল ভবনের শত শত গার্মেন্ট শ্রমিকের প্রানহানির ঘটনাকে 'হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করে মালিক ও সেই ভবনের গার্মেন্ট মালিকদের বিচারের দাবি তুলে ধরেন।
কারো হাতে ছিল হাতুরি-শাবল-গাঁইতি-বেলচাসহ খেটে খাওয়া মানুষদের বিভিন্ন কর্ম উপকরণ।
অনেক শ্রমিক সংগঠন ব্যান্ড পার্টি নিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে শোভাযাত্রা করলেও তাদেরও মুখে ছিল সাভারে হতাহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবি। সাভারের শোকাবহ ঘটনাকে শক্তিতে পরিণত করার অভিব্যাক্তিই দেখা গেছে শ্রমিকদের চোখে-মুখে।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা করা এবং সপ্তাহে একদিন ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় সে বছর ১ মে ধর্মঘট চলাকালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে ১০ শ্রমিক শহীদ হন আর যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতি আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যেম দিয়ে বুধবার দিবসটি পালন করছে বিভিন্ন সংগঠন।
সকাল ৭টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে মিছিল বের করে শ্রমিক লীগ। মিছিলটি পুরানা পল্টন, দৈনিক বাংলা হয়ে মতিঝিলের বলাকা চত্বর প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়।
সকাল ৯টার দিকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে শ্রমিক সমাবেশ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন সংগঠনের কর্র্মীরা মিছিল নিয়ে অংশ নেন। সকাল ১১টার দিকে দেশের শ্রমিক-কর্মচারীদের সবচেয়ে বড় জোট ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ হয়।
একই সময়ে পাশাপাশি স্থানে সমাবেশ করে অনেকগুলো গার্মেন্ট শ্রমিক সংগঠন।
এসব সমাবেশ থেকে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা, ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা, শ্রমিকদের কারাখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটিসহ সাভারের ঘটনায় নিখোঁজদের প্রকৃত তালিকা প্রকাশ এবং আহতদের ‘আজীবন’ ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
এসব সমাবেশ থেকে শ্রমিক নেতারা বলেন, সাভারের ঘটনায় শুধু ভবন মালিক ও গার্মেন্ট মালিকদের গ্রেপ্তার করাই যথেষ্ট না; তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সাভারের শ্রমিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে হত্যা মামলা দায়ের করার দাবিও জানান গার্মেন্ট শ্রমিক নেতারা।
এ সময় তারা সাভারের স্থানীয় এমপি, ইউএনওসহ দায়িত্বে অবহেলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়ী মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি থেকে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে।
এক সপ্তাহ আগে সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে মৃতদের সংখ্যা চারশ' ছাড়িয়েছে। নিহতদের অধিকাংশই গার্মেন্ট শ্রমিক। এ ঘটনায় এখনো অসংখ শ্রমিক নিখোঁজ আছে বলে শ্রমিকরা অভিযোগ করেছে।
মে দিবসে বাসদ, গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম, ইকুইটি ফর জাস্টিস, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফোরাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), শ্রমিক জোট-বাংলাদেশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ লেবার স্টাডিজসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেসক্লাব ও আশেপাশে শোভাযাত্রা-মিছিল ও সমাবেশ করে।
সাভারের রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের স্মরণে বিকাল ৪টায় প্রজন্ম চত্বরে নাগরিক শোক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
এছাড়া ঢাকার পাশে আশুলিয়া, তেজগাঁও, ডেমরা, কাঁচপুর, আব্দুল্লাহপুর, টঙ্গী শিল্পাঞ্চলে শ্রমিকরা মে দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
