শ্রমিকের কল্যাণ দেখতে হবে: প্রধানমন্ত্রী
শ্রমিকের কল্যাণের দিকে নজর দিতে মালিকদের তাগাদা দেয়ার পাশাপাশি শিল্প রক্ষায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের আলোচনা সভা ও দুদিনব্যাপী মে দিবস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
কারখানা মালিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “মালিকদের শিল্প চালাতে হলে শ্রমিকদের দিকে দেখতে হবে। তাদের কল্যাণের দিকে দেখতে হবে।”
রানা প্লাজা ধসের পর শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে প্রধানমন্ত্রী বলেন, “শ্রমিকরা এর সঙ্গে জড়িত- আমি বিশ্বাস করি না। এর পেছনে অন্য কেউ জড়িত আছে।”
“গুলশান থেকে রামপুরা পর্যন্ত কারা কেন ভাংচুর করেছে- এটাও দেখতে হবে।” বলেন তিনি।
ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়ার কথাও তিনি অনুষ্ঠানে জানান।
‘নিরাপদ কর্ম পরিবেশ- এগিয়ে যাবে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে এবারের মে দিবস পালন করছে সরকার। সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে মে দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
সরকার প্রধান বলেন, “কারখানার কর্মপরিবেশ শ্রমিকদের জন্য নিরাপদ করতে প্রয়োজনীয় সব কিছু করা হবে।”
গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা রানা প্লাজা কেন ধসে পড়ল- সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, “২০০৬ সালে ছয়তলার অনুমতি দেওয়া হয়। পরে আরও চারতলার অনুমতি দেওয়া হয়। ২০০৭ সালে বিল্ডিং ওঠে। সুনির্দিষ্ট বিল্ডিং কোড মানা হয়নি।”
শিল্প-কারখানায় তদারকি নিশ্চিত করতে একজন প্রকৌশলী, অগ্নি-বিশেষজ্ঞ, শ্রমিক প্রতিনিধিসহ পাঁচ থেকে সাত জন প্রতিনিধি নিয়ে এলাকাভিত্তিক টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক।
ফজলুল হকের এই পরামর্শকে ‘ভালো প্রস্তাব’ হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “শিল্প চলতে পারে- সেদিকে খেয়াল রেখেই বিল্ডিং করা উচিত। বড় বড় মেশিন যে চলবে তার ভাইব্রেশন সহ্য করতে পারে কি না?”
প্রতিটি পোশাক কারখানার ‘যথাযথ কর্ম পরিবেশ’ নিশ্চিত করতে সরকারের একটি কমিটি গঠনের কথা উল্লেখ করার পাশাপাশি তৈরি পোশাক শিল্পের জন্য পৃথক ‘পল্লি’ স্থাপনের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতেই সাভারের ভবন ধসে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগ টঙ্গীতে মে দিবসের মহাসমাবেশ বাতিল করে সেই আয়োজনের অর্থ সাভারের আহতদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়ায় সংগঠনটির নেতাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। ওই মহাসমাবেশে তারও বক্তব্য দেওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী জানান, রানা প্লাজায় পাঁচটি তৈরি পোশাক কারখানায় তিন হাজার ১২২ জন শ্রমিক ছিলেন। গত বুধবার ভবন ধসের পর দুই হাজার ৮৫২ জনকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ৪০৮ জন মৃত।
রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “চিকিৎসা ও পুনর্বাসনে যত টাকা লাগে, যা লাগে- সরকারের তরফ থেকে করব।”
যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি সাভারের ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রানা প্লাজার উদ্ধারকাজে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত স্বেচ্ছাসেবক এজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদকে চিকিৎসার জন্য মঙ্গলবারই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানোর কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “সারাক্ষণ একটা আতঙ্কে ছিলাম। শেষ মুহূর্তে এসে দুর্ঘটনা ঘটে গেল।”
পোশাক শ্রমিক শাহিনাকে উদ্ধার করতে গিয়ে ধ্বংসস্তূপে আগুন লাগলে অগ্নিদগ্ধ হন এজাজ। পরদিন শাহিনার লাশ উদ্ধার করা হয়।
এজাজের আরোগ্য কামনায় সবার দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, “এমন ‘নিবেদিতপ্রাণ কর্মী’ কম পাওয়া যায়।আমি গতকাল (মঙ্গলবার) তাকে দেখতে সিএমএইচে গিয়েছিলাম। পুরো মুখটা পুড়ে গেছে। ওর মেয়ে বলল, ‘আমি আমার আব্বুকে দেখব’। কী বলে আমি তাদের সান্ত্বনা দেব?”
শ্রমিকদের কল্যাণে সরকারে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ইপিজেডে ট্রেড ইউনিয়ন করার কোনো কথা আইনে ছিল না। আমরা শ্রমিক কল্যাণে সংগঠন করার আইন করে দিয়েছি। আমরা শিল্প পুলিশ গঠন করেছি।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান অনুষ্ঠানে বলেন, “বর্তমান সরকারের আন্তরিকতা থাকলেও কিছু আমলা কিছু মালিকের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে পারিনি।”
তিনি বলেন, “এনজিও যারা করবে, তারা ট্রেড ইউনিয়ন করতে পারবে না। আর, ট্রেড ইউনিয়ন যারা করবে, তারা এনজিও করতে পারবে না। এনজিও তো বাণিজ্য করে।”
এনজিও কর্মীরা গার্মেন্ট শ্রমিকদের উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
গত বছর শ্রমিক নেতা আমিনুল ইসলামের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উদ্বেগ প্রকাশের প্রসঙ্গ টেনে মুন্নুজান সুফিয়ান বলেন, “এত মানুষ মারা যায়- তারা কথা বলে না। এক আমিনুলের কথা বলল। আমিনুল তো শ্রমিক না, সে তো এনজিওকর্মী।
“আমি ভিসা চাইলে ভিসা পাব না। তাজরিনের কল্পনা আক্তার ভিসা নিয়ে আমেরিকা চলে গেল। দুজন মহিলা নিয়ে সেখানে সে অপপ্রচার চালাচ্ছে।” বলেন সাবেক এই শ্রমিক নেতা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম সাভারের রানা প্লাজায় ধসের ঘটনাকে ‘মানবসৃষ্ট দুর্যোগ’ হিসাবে উল্লেখ করেন।
তিনি বলেন, “শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সরকার ও মালিকপক্ষের পাশাপাশি ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে। ক্রেতারা কারখানার পরিবেশ পরিদর্শন করেই ওয়ার্ক অর্ডার দেন।”
শ্রমিকদের ক্ষতিপূরণে সরকার ও মালিকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও এগিয়ে আসার আহবান জানান ইসরাফিল আলম।
সাভারের ঘটনা নিয়ে তথ্যচিত্র তৈরি করে ‘বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট’ না করার আহবান জানিয়ে ইসরাফিল আলম বলেন, “নগদ নারায়ণের জন্য দেশের ক্ষতি করবেন না।”
এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক সাভারের রানা প্লাজা ধসের জন্য মালিকদের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, “আমরা এর দায়দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। এ ধরনের ঘটনা আমাদের পেছনে টেনে নেয়। আমাদের লজ্জিত করে।”
সাভারের ঘটনায় বিদেশে বাংলাদেশের ‘ভাবমূর্তির’ ক্ষতি হয়েছে মন্তব্য করে এ অবস্থার উত্তরণে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তা চান তিনি।
মালিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ফজলুল হক বলেন, “মালিকরা সচেতন না হলে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, কোনো কিছুতেই কোনো কাজ কাজ হবে ন।”
আইএলওর উপ পরিচালক গিলবার্ট হনবো সাভারের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “আমরা সহায়তা দিতে প্রস্তুত।”
গত বছর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আইনের প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার কিছু কিছু কারখানায় নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়ায় দুঃখ প্রকাশ করে স্বাগত বক্তব্যে বলেন, “নিরাপদ পরিবেশ না হলে শ্রমিকরা কাজে মনোনিবেশ করতে পারেন না।”
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রমিকদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন।
