জুরাইন হবে তাদের ‘শেষ ঠিকানা’
সাভারে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা যেসব মরদেহ সনাক্ত করা যায়নি, তাদের দাফনের প্রস্তুতি চলছে রাজধানীর জুরাইন কবরস্থানে।
সনাক্ত না হওয়া এরকম ৩৮টি লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ২১টি এবং মিটফোর্ডের মর্গে ১৭টি লাশ রয়েছে।
মঙ্গলবার দুই মর্গ থেকে ১১টি লাশ সনাক্তের পর বুধবার সকালে ঢাকা মেডিকেল থেকে মাদারীপুরের মাকসুদা খানমের (২১) মরদেহ নিয়ে যান তার স্বজনেরা।
ম্যাজিস্ট্রেট বলেন, “বুধবার সকাল ১০টা পর্যন্ত লাশ সনাক্ত করার সময় বেঁধে দেয়া হলেও মানবিক কারণে এ সময় বিকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এখনো অনেকেই স্বজনের লাশের খোঁজে আসছেন।
“যেসব লাশ সনাক্ত হবে না সেগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হবে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে বিকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা।
ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ ইতোমধ্যে দাফনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। জুরাইনে খোঁড়া হয়েছে বেশ কিছু কবর। দুপুরে ঢাকা মেডিকেলে অসনাক্ত লাশের ‘গণ জানাজার’ ব্যবস্থা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর জানান, অসনাক্ত প্রতিটি লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট ক্রমিক দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। সেই ক্রমিক নম্বর অনুযায়ীই তাদের দাফন করা হবে।
দাফনের পরে কেউ লাশের দাবি নিয়ে এলে সংরক্ষণ করা ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, সাভারে উদ্ধারের পর এ পর্যন্ত মোট ৭০টি লাশ দুই হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর মধ্যে ৩২টি লাশ সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো পাঁচজনের মৃত্যু হয় বলে তিনি জানান। এদের মধ্যে পঞ্চগড়ের সেলিম রানা মারা যান বুধবার সকালে।
তার ভাই শহীদুল ইসলামের কাছে ইতোমধ্যে লাশ হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তরা রানা প্লাজা গত ২৪ এপ্রিল ধসে পড়ে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সেখানে অষ্টম দিনের উদ্ধার অভিযান চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে সংসদে জানান, ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০৮ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে ধ্বংসস্তূপ থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে বলে সাভার থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান।
