বাজেট অধিবেশনে আসুন: বিএনপিকে স্পিকার
সংসদ বর্জন করে আসা বিরোধী দলকে বাজেট অধিবেশনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার শিরীন শারিমন চৌধুরী।
মঙ্গলবার রাতে দেশের ত্রয়োদশ স্পিকার হিসাবে শপথ নেয়ার পর স্পিকারের কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিককে তিনি বলেন, “আমি আনন্দিত। সম্মানিত।
“সাংবিধানিক এ পদে নারী হিসেবে স্পিকারের দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
তার এই নির্বাচন দেশে নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই নতুন স্পিকারের বিশ্বাস।
“বিশ্বসভায় বাংলাদেশ এক অনন্য নজির স্থাপন করেছে।”
সংসদীয় গণতন্ত্রে সংসদকে কার্যকর করতে সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বিরোধী দলের উদ্দেশে স্পিকার বলেন, “আগামী অধিবেশন বেশ গুরুত্বপূর্ণ। আমি আশা করি, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে তারা বাজেট অধিবেশনে যোগ দেবেন, সংসদ কার্যক্রমে অংশ নেবেন।”
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় সংসদ সদস্যরা সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেয়। এরপর টানা ৮৫ কার্যদিবস তারা অধিবেশনে অনুপস্থিত আছেন।
সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তাদের সদস্য পদ খারিজ হয়ে যাবে। ফলে সদস্য পদ রাখতে হলে আগামী বাজেট অধিবেশনে সংসদে ফিরতেই হবে বিরোধী দলের সাংসদদের।
মঙ্গলবার সংসদ অধিবেশনে স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর রাত ৮ টা ৫৫ মিনিটে নবনির্বাচিত স্পিকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সংসদ নেতা শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যরা, একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শপথ নেয়ার পর রাত ৯টা ১০ মিনিটে স্পিকারের কার্যালয়ে যান শিরীন শারমিন। সেখানে চিফ হুইপ আব্দুস শহীদ ও কার্যালয়ের সচিব মো. মাহফুজুর রহমান তাকে স্বাগত জানান।
