২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মে সমাবেশ করবে নারীরা

হেফাজতে ইসলামের ১৩ দফা প্রত্যাখ্যান করে তাদের প্রতিরোধে আগামী ৯ মে সমাবেশ করবে নারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 04:04 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

রাজধানীর তোপখানা রোডে বিকাল ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাহমিনা ইয়াসমিন, তিনি এই সমাবেশের সংগঠকদের একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রতিবাদী নারী গণসমাবেশের কার্যকরী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ মে এই স্থগিত গণসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।

অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই- এই দাবিতে গত ২৭ এপ্রিল এই সমাবেশ হওয়ার কথা থাকলেও সাভারে ভবন ধসে পোশাক শিল্পের বিপুল সংখ্যক শ্রমিক হতাহতের ঘটনায় সমাবেশটি স্থগিত করা হয়।

সমাবেশ সম্পর্কে সাংবাদিক সুপ্রীতি ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে যত দিন পর্যন্ত কর্মজীবী একজন নারী থাকবেন, তত দিন পর্যন্ত এ দেশে হেফাজতে ইসলামের ১৩ দফা কার্যকর হতে দেয়া হবে না।

“তাদের ১৩ দফায় নারীদের হেয় করার প্রতিবাদেই আমাদের এই সমাবেশ। তবে সাভারের এই ঘটনার পর পোশাক কারখানাসহ শিল্পকারখানাগুলোতে নারীদের নিরাপত্তার বিষয়টিও এই সমাবেশে থাকবে।”

গত ৬ মার্চ মতিঝিলে সমাবেশ করে ১৩ দফা দাবি উপস্থাপন করে হেফাজতে ইসলাম।

১৩ দফার চার নম্বর দাবিতে বলা হয় ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।’

এছাড়া ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করারও দাবি দেয় সংগঠনটি।