২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকফ সম্পত্তি হস্তান্তরে লাগবে অনুমতি

সরকার কিংবা ওয়াকফ প্রশাসকের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো উপ-নিবন্ধক ওয়াকফ সম্পত্তির হস্তান্তর দলিল নিবন্ধন করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

এমন বিধান রেখে ১৯৬২ সালের এ সংক্রান্ত আইন সংশোধনে বিল পাস হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে ওয়াকফ অর্ডিন্যান্স-১৯৬২ সংশোধনে ‘ওয়াকফ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’ সংসদে পাসের প্রস্তাব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

Image
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

গত ৬ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী।

বিলে ওয়াকফ সম্পত্তির রেকর্ড ওয়াকফ এস্টেট ও মুতাওয়াল্লির নামে করার বাধ্যবাধকতা এবং আলাদা খতিয়ান খোলার বিধান রাখা হয়েছে। এছাড়া বিলে বিভিন্ন আর্থিক দণ্ড এবং আর্থিক বিষয়ে টাকার অংকের পরিমান বাড়ানো হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত আয় বহুগুণে বাড়ানো সম্ভব। আইনি সংষ্কারের অভাবে ওয়াকফ সম্পত্তির সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো গুণগত পরিবর্তন হয়নি।

গত বছরের ৩ অক্টোবর বিলতে নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে চলতি বছরের ২১ জানুয়ারি মন্ত্রিসভা বিলটি চূড়ান্ত অনুমোদন দেয়।

রাবার বোর্ড বিল পাস

এছাড়া রাবার চাষ ও রাবার শিল্পের সার্বিক উন্নয়নে বোর্ড প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বাংলাদেশ রাবার বোর্ড বিল-২০১৩’ সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

বিলে সরকার মনোনীত অতিরিক্ত সচিব বা এর উপরের পদমর্যাদার একজন কর্মকর্তা অথবা রাবার বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিকে চেয়ারম্যান করে রাবার বোর্ডের পরিচালনা পরিষদের বিধান রাখা হয়েছে।