২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনভাতার দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 10:07 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার আউখাবে বেনেটেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে উপজেলা ও পুলিশ প্রশাসন মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার বকেয়া বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুদ্ধ শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের কাছে তাদের দুই মাসের বকেয়া বেতনভাতা পাওনা আছে। কয়েকদিন ধরে কর্তৃপক্ষ তা পরিশোধের আশ্বাস দিয়েও কথা রাখেনি।

সোমবার কারখানার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলে শ্রমিকরা কাজ করতে অনীহা প্রকাশ করে কারখানা থেকে বেরিয়ে আসে। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কারখানাটি প্রকৌশলী দ্বারা পরীক্ষা-নিরীক্ষার আগে বন্ধ রাখার নির্দেশ দেয়।

মঙ্গলবার সকালে বেতনভাতা পরিশোধ করার কথা থাকলে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে গেইট বন্ধ দেখতে পান। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী শনিবার বেতনভাতা পরিশোধের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

এ ব্যাপারে প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক মো: শাহজাহান জানান, দেয়ালে ফাটল রয়েছে ভবনটি বিশেষজ্ঞ প্রকৌশলী দেখানোর পর কারখানা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

শ্রমিকদের বেশির ভাগই বেতনভাতা দেয়া হয়ে গেছে। কিছু পাওনা ছিল। তারা আজ বেতনের জন্য এলে একটু ঝামেলা হয়েছে বলে জানান মো. শাহজাহান।

এদিকে শিল্প পুলিশ-৪ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ সাংবাদিকদের জানান, সকালে সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক গ্রেপ্তারকৃত সোহেল রানার ফাঁসির দাবিতে কাঁচপুর শিল্পাঞ্চলে অবস্থিত ওপেক্স ও সিনহা গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেছে।

এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় বিজিবি ও পুলিশ বাধা দিতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে কাঁচপুরের সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপসহ আশেপাশের সকল শিল্প কারখানা ছুটি ঘোষণা করে দিল পরিস্থিতি শান্ত হয়।