রানার দ্রুত বিচারের পক্ষে সুরঞ্জিত
ভবন ধসে হতাহতের জন্য রানা প্লাজার মালিক সোহেল রানার বিচার দ্রুত বিচার আইনে করার পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত।
চারশ’ প্রাণহানির ঘটনায় ওই ভবনের পোশাক কারখানার মালিকদের একই পদ্ধতিতে বিচার চান তিনি।
মঙ্গলবার রাজধানীর গণগ্রন্থাগারে এক আলোচনা সভায় তিনি বলেন, ভবন মালিক সোহেল রানা এবং পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার করে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে।
“তবে কোন আইনে তাদের বিচার করা হবে তা স্পষ্ট হয়নি। আমার মনে হয়, দ্রুত বিচার আইনে তাদের বিচার করতে হবে।”
১২০ দিনের মধ্যে এ ঘটনায় দায়ীদের বিচার হলে জনগণ আশ্বস্ত হবে বলে মনে করেন তিনি।
গত ২৪ এপ্রিল নয়তলা ভবন রানা প্লাজা ধসে প্রায় চারশ’ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ। ওই ভবনে কর্মরত কয়েকশ’ মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় গত রোববার সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গ্রেপ্তারের পর বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে ওই ভবনের গার্মেন্ট কারখানাগুলোর চার মালিককেও।
ভবন ও কারখানা মালিকদের সব সম্পত্তি বাজেয়াপ্তের জন্য মঙ্গলবার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
