সাভার-আশুলিয়ায় সংঘর্ষের পর কারখানায় ছুটি
পোশাক শ্রমিকরা সড়কে নেমে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ানোয় সাভার ও আশুলিয়ার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার ওই এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণার কথা জানান শিল্প পুলিশের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, সকালে শ্রমিকরা কারখানায় যাওয়ার পরপরই আবার বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাভারের উলাইল, রাজফুলবাড়িয়া, সাভার বাজার বাসস্ট্যান্ড, রাজাসন রোড এবং আশুলিয়ার জামগড়, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো ও পুকুরপাড় এলাকায় প্রায় পাঁচ শতাধিক পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে।
উলাইল, সাভার বাসস্ট্যান্ড ও জামগড় এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।
বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছোড়ে বলে শিল্প পুলিশের সহকারী পরিচালক জানান।
ধসে পড়া রানা প্লাজা থেকে দেড় কিলোমিটার দূরে উলাইল এলাকায় প্রাইম গ্রুপের আরএইচ গার্মেন্টের শ্রমিকরা প্রথমে বিক্ষোভ শুরু করে, পরে তাদের সঙ্গে যোগ দেয় পাশের আল মুসলিম গ্রুপ ও আল ইসলাম গ্রুপের কারখানার শ্রমিকরা।
আরএইচ কারখানায় আট হাজারের মতো শ্রমিক রয়েছে। ভবনে ফাটল থাকার পরও তাদের কাজে বাধ্য করা হচ্ছিল বলে অভিযোগ করে তারা।
নাহিদুল ইসলাম নামে এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাটল দেখা দেয়ার পরও কর্তৃপক্ষ গা করেনি। উল্টো ফটকে তালা দিয়ে দিয়েছিল। শ্রমিকরা তালা ভেঙে বেরিয়ে এসেছে।
ধসে পড়া ভবন রানা প্লাজায়ও ফাটল ধরেছিল। কিন্তু এরপরও পাঁচটি পোশাক কারখানায় কাজ চলার মধ্যেই ভবনটি ধসে পড়ে।
এই ভবন ধসে নিহতের সংখ্যা ৩৮৮- পৌঁছেছে, যার প্রায় সবাই পোশাক শ্রমিক।
তবে আরএইচ কারখানার জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) কর্মকর্তা ইমরান আল হাসান বলেন, তাদের কারখানার ভবনে কোনো ফাটল ধরেনি। তারা নিজেদের প্রকৌশলী দিয়ে ভবন পরীক্ষা করিয়েছেন, যারা ভবনে ফাটল ধরেনি বলে নিশ্চিত করেছেন।
পরে শফিক মণ্ডল নামের তাদের ওই প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়, ভবনের নিরাপত্তা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পুরকৌশল বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ে তার কোনো লেখাপড়া নেই। ফরিদপুর পলিটেকনিক থেকে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন তিনি।
