২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পোশাক শিল্প এলাকায় বিজিবি

সাভারে ভবন ধসে প্রাণহানির ঘটনায় শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে পোশাক শিল্প এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নিয়োজিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 08:36 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন পোশাক শিল্প এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়। বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে গাজীপুর পোশাক শিল্প এলাকায়ও।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, সাভারে রানা প্লাজা ধসের পর শনি ও রোববার সারা দেশে তৈরি পোশাক ও নিট পোশাক কারখানা বন্ধ ছিল। সোমবার থেকে সেগুলো খোলা হয়েছে। এ সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।

মেজর পাশার নেতৃত্বে পাঁচ প্লাটুন বিজিবি আগামী কয়েকদিন নারায়ণগঞ্জের গার্মেন্ট অধ্যুষিত এলাকাগুলোতে টহল দেবে বলে তিনি জানান।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ জানান, বিজিবির সদস্যরা আদমজী ইপিজেড, কাঁচপুর, রূপগঞ্জ, ফতুল্লা শিল্পাঞ্চল ও বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।

রানা প্লাজা ধসের পর গত বুধবার থেকে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিভিন্ন কারখানায় ভাংচুর ও সড়ক অবরোধ করেন তারা।