শিল্প মন্ত্রণালয়ের ভবনগুলোর ত্রুটি খুঁজতে কমিটি
শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর ভবনগুলো নির্মাণে কোনো ত্রুটি আছে কিনা তা যাচাই করতে কমিটি গঠনের সুপারিশ করেছে সংসদীয কমিটি।
একইসঙ্গে শিল্প মন্ত্রণালয়কে আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিটির বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য এসএম আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, “শিল্প মন্ত্রণালয়ের অধীন যতগুলো প্রতিষ্ঠান আছে তার সবগুলোরই স্থাপনাগত কোনো ত্রুটি আছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে। এগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ কোনো ভবন থাকলে সেগুলোকেও চিহ্নিত করতে বলা হয়েছে।”
তিনি বলেন, “মন্ত্রণালয়কে তদন্ত কমিটি গঠন করে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।”
গত বুধবার সাভারের রানা প্লাজা ধসে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জন। আহত হয়েছে দুই সহস্রাধিক।
ছয় তলার অনুমতি নিয়ে নয় তলা করা এ ভবনে নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম-ট্যাক লিমিটেড ও ইথারটেক্স লিমিটেড নামেরে পাঁচটি পোশাক কারখানা ছিল।
এর মধ্যে তিন কারখানা মালিক এবং সাভার পৌরসভার দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের চার জনকে রিমান্ডেও পেয়েছে।
এছাড়া বিকালে ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়েছে।
সংসদীয কমিটির বৈঠকের শুরুতে ভবন ধসে হতাহতের ঘটনায় কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে সংসদীয় কমিটির বৈঠক সংক্রান্ত সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বর্তমানে বন্ধ থাকা আশুগঞ্জ, ঘোড়াশাল ও পলাশ সার কারখানা চালু করতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, এসএম আব্দুল মান্নান, মো. মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক ও সুলতানা বুলবুল অংশগ্রহণ করেন।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
