জীবিতদের সন্ধান মিলছে এখনো
উদ্ধারকর্মীদের কেউ কেউ ধসে পড়া ভবনে জীবিত প্রাণের সন্ধানের মধ্যে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রস্তুতি নিয়ে রেখেছে সেনাবাহিনী।
গার্মেন্টকর্মী স্ত্রী আটকে পড়ার পর উদ্ধারকর্মীদের সঙ্গে থাকা মানিকগঞ্জের দৌলতপুরের হাফিজুর রহমান খান (৩৫) জানিয়েছেন, তার স্ত্রীসহ ওই ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় আনুমানিক ১৭ জন জীবিত আছেন, যাদের কয়েকজনের সঙ্গে তার কথাও হয়েছে।
অবশ্য আইএসপিআরের পরিচালক শাহিনুল ইসলাম জানিয়েছেন, “কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কতজন আছে, সবাই অনুমানের উপর কথা বলছে।”
জীবিতদের উদ্ধারের পরই ভারী যন্ত্র ব্যবহার করে উদ্ধারকাজ শুরু করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
হাফিজুর রহমান খান জানান, রানা প্লাজা ধসের পর থেকেই তিনি উদ্ধারকর্মীদের সঙ্গে আছেন। ভবনের চতুর্থ তলায় তার স্ত্রী নাজমা বেগমের আটকে আছে।
“ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় এখনো ১৬/১৭ জন জীবিত আছে। আমি তাদের স্যালাইন পানি ও অক্সিজেন দিয়ে এসেছি। জীবিতদের সঙ্গে আমি কথাও বলেছি। তাদের মধ্যে রয়েছেন শাজাহান, শিল্পী নামের দু’জন ও মনোয়ারা।”
দুই শিল্পী ও মনোয়ারাকে তিনি চেনেন বলে জানান হাফিজ।
হাফিজ বলেন, “এর মধ্যে দুই শিল্পী ও মনোয়ারাকে আমি চিনি। তাদের বাড়ি আমার এলাকায়। আমি তাদের কথা দিয়েছি যে তাদের উদ্ধার করে নিয়ে আসবো। আমি সরকারি উদ্ধারকর্মীদের তাদের কথা জানিয়েছি। কিন্তু উদ্ধারকর্মীরা আমাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন আর ভবনে ঢুকতে দিচ্ছে না।”
“আমার স্ত্রীর সঙ্গেও গতকাল বিকাল পর্যন্ত আমার মোবাইলে কথা হয়েছে। এরপর তার মোবাইল বন্ধ হয়ে যায়। সে এখনো জীবিত আছে বলেই আমার বিশ্বাস।”
সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল।
ছয় তলার অনুমতি নিয়ে নয় তলা করা এ ভবনে নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ইথার টেক্সটাইল লিমিটেড নামে পাঁচটি পোশাক কারখানা ছিল।
এর মধ্যে তিন কারখানা মালিক এবং সাভার পৌরসভার দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের চার জনকে রিমান্ডেও পেয়েছে। সর্বশেষ দুপুরে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় ভবন মালিক সোহেল রানাকে।
