২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

শরীয়তপুরের জাজিরায় সালিস চলাকালে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 11:38 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার জমি নিয়ে সালিশ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন তোফাজ্জেল খন্দকার টয়েল (২৮)। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

টয়েল উপজেলার বিকে নগর হাওলাদার কান্দি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ মাস্টারের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই স্বপন খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে জাজিরা থানার ওসি মো. নাজমূল ইসলাম সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে গ্রামের বাসিন্দা সামাদ মাস্টারের সঙ্গে প্রতিবেশী আসকার হাওলাদারের ছেলে খবির হাওলাদার ও সোহেল হাওলাদারের বিরোধ চলে আসছিল।

শনিবার স্থানীয় ক্লাবে এ নিয়ে সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে খবির ও সোহেলের সমর্থকরা তোফাজ্জেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

ওসি জানান, পরে টয়েলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই সকালে তোফাজ্জেলের মৃত্যু হয়।   

তোফাজ্জেলের এর ভাই স্বপন খন্দকার বাদী হয়ে খবির হাওলাদারসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি নাজমুল।