২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা ও গার্মেন্ট মালিকদের হিসাবে লেনদেন বন্ধের নির্দেশ

সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা গার্মেন্টের মালিকদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

তবে পোশাক কারখানার মালিকদের  অ্যাকাউন্ট থেকে বিজিএমইএর তত্ত্বাবধানে শ্রমিকদের বেতন-ভাতার জন্য অর্থ তোলা যাবে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

সার্কুলার জারির মাধ্যমে সব ব্যাংককে বিষয়টি জানিয়ে দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে আদালত।

আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইডস এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আদালত এই রিট আবেদন করে আদেশ দেয়।

সাভার বাসস্ট্যান্ডের নয় তলা ভবন রানা প্লাজা গত বুধবার ধসে পড়ে। এ ঘটনায় নিহতের সংখ্যা পৌনে চারশ ছাড়িয়ে গেছে।

সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল।

আর তৃতীয় থেকে ষষ্ঠ তলায় নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ইথার টেক্সটাইল লিমিটেড নামে পাঁচটি পোশাক কারখানা ছিল।

আগের দিন ফাটল দেখা দেয়ায় পরও বুধবার সকালে শ্রমিকদের সেখানে কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ধসের পর বেঁচে ফিরে আসা অনেকেই।

ভবন মালিক রানা, নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনান, ফ্যান্টম অ্যাপারেলসের মালিক মো. আমিনুল ইসলাম এবং সাভার পৌরসভার দুই প্রকৌশলীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিন আইনজীবীর দায়ের করা অপর এক রিটের প্রাথমিক শুনানি করে স্পেকট্রাম, ফ্রিনিক্স ও স্মার্ট ফ্যাশনের ঘটনার পর সরকার কি কি আইনগত পদক্ষেপ নিয়েছে তা ৭দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে জানাতে নির্দেশ দেয় বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ।

একইসঙ্গে শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক, শিল্প পুলিশের সাভার অঞ্চলের পরিচালক, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রম মন্ত্রণালয়ের প্রধান কারখানা পরিদর্শককে আগামী ৩০ এপ্রিল হাজির হতে বলা হয়েছে।

এদের মধ্যে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইতোমধ্যে অন্য একটি আদালত তলব করে এই আদালতে হাজির হতে বলেছে।