পোশাক কারখানায় নিরাপত্তা জরিপ চান অর্থমন্ত্রী
পোশাক সংশ্লিষ্ট কারখানায় জরিপ চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পোশাক শিল্পের ক্ষতি হলে দেশের ক্ষতি হবে উল্লেখ করে রোববার সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, "পোশাক সংশ্লিষ্ট কারখানায় স্থাপনা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যালোচনা করা দরকার।”
এই জরিপ পরিচালনায় শুধু বিজিএমইএ ও বিকেএমইএর উপর নির্ভর না করে সরকারেরও তাতে অংশ নেয়া উচিত বলে মনে করেন মুহিত।
তিনি বলেন, "জরিপের ভিত্তিতে পদক্ষেপ নেয়া যেতে পারে। যেগুলো (ভবন) ঠিকঠাক নেই সেগুলোকে সময় দিয়ে মেরামত করা যেতে পারে।"
শনিবার বিশেষ বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএ তাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভবনের স্টাকচারাল ডিজাইন এবং লোড ক্যালকুলেশন করে এক মাসের মধ্যে জমা দিতে বলেছিল।
মুহিত বলেন, “রানা ভবনটি রিস্কি ছিল যা আগেই নিশ্চিত হওয়া যায়। এর পরেও সেখানে কাজ চলে। অনেকেই বলছেন এটা দুর্ঘটনা নয়, এটা হত্যা। একে মার্ডার হিসাবেই বিবেচনা করা উচিত হবে।”
রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে দুর্বৃত্ত উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে মুহিত বলেন, “আপনাদের একটা দোষ আছে, কিছু হলেই পলিটিক্যাল কালার, পলিটিক্যাল ইনভলভমেন্ট খুঁজেন।”
হতাহততের 'বিভৎস' ছবি পত্রিকায় প্রকাশ না করতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
এর আগে সংঘটিত পোশাক কারখানার বিভিন্ন ঘটনায় দায়ীদের বিচার না হওয়ায়ই এ ধরনের ঘটনা ঘটছে কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, "এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা, একে ইমপ্রুভ করতে হবে।"
এর আগে অর্থমন্ত্রী সঙ্গে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
অর্থমন্ত্রী বলেন, "হাউজিং সেক্টরে বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এই অবস্থা থেকে হাউজিং সেক্টরকে তুলতে হবে।"
পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া এবং চীনের পর রোববার (২৮ এপ্রিল) রাশিয়াও একটি প্রস্তাব দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করা হবে জানিয়ে মুহিত বলেন, আমরা চাচ্ছি আগের নকশাই থাকবে। সেতু নির্মাণে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
