বরিশালে এএসপির স্ত্রীকে এসিড নিক্ষেপ
বরিশালে এক সহকারি পুলিশ সুপারের (এএসপি) স্ত্রীকে এসিড নিক্ষেপ করা হয়েছে।
শনিবার রাত ১০টায় নগরীর সাগরদী মদিনা মসজিদ সড়কের বাসায় এএসপি মো. আনোয়ার হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস কেয়ার (২৭) গায়ে এসিড ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।
তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেয়া (২৭) মদিনা মসজিদ সড়কের আব্দুল কুদ্দুসের মেয়ে। তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগের সম্মান শ্রেণির ছাত্রী।
এএসপি আনোয়ার যশোর মহাসড়ক পুলিশে কর্মরত।
কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কেয়া তার বাবার বাসায় নামাজ পড়ছিলেন। এ সময় জানালা দিয়ে তার উপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে তার ডান হাত ও বুক ঝলসে গেছে।
এ ঘটনায় তার পরিবার মামলা করবে বলে জানান ওসি।
কেয়ার বাবা আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে মেয়ে সুস্থ হয়ে উঠুক তারপর তিনি মামলা নিয়ে চিন্তা করবেন।
এ ব্যাপারে এএসপি আনোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
