‘গরিব-দুঃখীর মামলার ব্যয়, সরকার দেয়’
প্রথমবারের মতো ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে পালনে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
‘গরিব-দুঃখীর মামলার ব্যয়/বাংলাদেশ সরকার দেয়’ প্রতিপাদ্য নিয়ে এ দিবস পালন করা হচ্ছে বলে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত লিগ্যাল এইড মেলাসহ অন্যান্য অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে বের হবে শোভাযাত্রা।
সংসদে পাস হওয়ার পর ২০০০ সালের ২৮ এপ্রিল প্রজ্ঞাপন জারির মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন কার্যকর হয়। ওই দিনকে স্মরণে রেখেই দিবসটি পালন করা হচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান আইনের আওতায় আর্থিকভাবে অসচ্ছল মানুষ ছাড়াও এসিডদগ্ধ নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী, বিনা বিচারে আটক ব্যক্তি, প্রতিবন্ধী, পাচারকৃত নারী বা শিশুসহ নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অক্ষম যে কোনো নাগরিক সম্পূর্ণ সরকারি অর্থ ব্যয়ে আইনি সহায়তা পেতে পারেন।
আইনমন্ত্রী জানান, বর্তমানে জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের তত্ত্বাবধানে সুপ্রীম কোর্ট ইউনিট, জেলা কমিটি, উপজেলা কমিটি এবং ইউনিয়ন কমিটি আইনগত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দরিদ্র জনগণকে আইনি পরামর্শসহ তথ্য সেবা দেয়ার লক্ষ্যে হটলাইন সার্ভিস চালুর পাশাপাশি সংস্থার সেবাধর্মী কার্যক্রমকে ডিজিটালাইজ করার জন্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে জেলা পর্যায়ে বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সংবাদপত্রে আইনি সহায়তা বিষয়ক ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে এবং রেডিও-টেলিভিশনে আইনি সহায়তা সংক্রান্ত টকশো, মুক্ত আলোচনা ইত্যাদি অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
