নারীর অগ্রযাত্রায় আক্রমণ প্রতিহতের অঙ্গীকার
অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র ও আক্রমণ প্রতিহত করার অঙ্গীকার করেছেন নারীরা।
দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে শনিবার সকালে সম্মিলিত নারী সমাজের এক সমাবেশে এ অঙ্গীকার করা হয়।
প্রবীণ নারী নেত্রী আজাদী হাইর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারী নেত্রী তারিকুন আহমেদ লাবুন, শিক্ষিকা রুবি আফরোজ, সাংস্কৃতিক কর্মী রাজিয়া সুলতানা পলি, অ্যাডভোকেট তৈয়বা বেগম, চিকিৎসক খাদিজা নাহিদ ইভা, প্রতিবন্ধী নারী নেত্রী অনামিকা পান্ডে, শিক্ষার্থী প্রিয়াংকা রায়সহ বিভিন্ন সংগঠনের নারী সদস্যরা।
সম্মিলিত নারী সমাজ দিনাজপুরের আহবায়ক শামিম আরা বেগম সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন।
এতে বলা হয়, হেফাজতে ইসলাম ধর্মের অসত্য ব্যাখ্যা দিয়ে নারী সমাজকে ঘরে বন্দি করে তাদের অগ্রযাত্রা রোধ করতে চায়। তারা নারীর স্বাধীন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ও শিক্ষানীতির বিরুদ্ধে চক্রান্ত করছে।
আজাদী হাই বলেন, দেশের নারী সমাজের জাগরণ ও অগ্রযাত্রার সঙ্গে দেশের উন্নয়ন জড়িত। কোনো কোনো মহল ধর্মের নামে এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে নারী সমাজ এখন ঐক্যবদ্ধ। ধর্মান্ধতা ও মৌলবাদের সব ধরনের অপতৎপরতা নারী সমাজ সম্মিলিতভাবে প্রতিহত করবে, বলেন তিনি।
সমাবেশে সাভারে রানা প্লাজার ভবনধসে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
