২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে নিখোঁজ বাগেরহাটের অর্ধশত শ্রমিক

সাভারে বহুতল ভবন ধসের ঘটনায় বাগেরহাটের অর্ধশত শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামেরই অন্তত ১৫ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনরা জানান।

তবে নিখোঁজদের কোনো তালিকা এখনো তৈরি করতে পারেনি স্থানীয় প্রশাসন।

ইতোমধ্যেই উদ্ধার হওয়া তিন শ্রমিকের লাশ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

এরা হলেন, চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের কিবরিয়া শেখের ছেলে কবীর শেখ (২৮), সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের শাহানারা বেগম (৪০) এবং কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠি গ্রামের নিছার উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৪)।

সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।

আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।

ওই ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। ধ্বংসস্তূপের নিচে এখনো কত মানুষ আটকা পড়ে আছে তার সঠিক কোনো হিসেব নেই।

রানা প্লাজার চতুর্থ তলায় ফ্যান্টম টেক্সটাইলে কাজ করতেন চিতলমারি উপজেলার হিজলা পশ্চিম পাড়া গ্রামের লাকি আক্তার (২৫) ও তার চাচা কবির হোসেন।

ভবন ধসের কিছুক্ষণ পর উদ্ধারকর্মীরা তাদের দুইজনকে নিয়ে হাসপাতাল ভর্তি করেন। পরে রাহেলা ও লালন (৩২) নামে ওই জেলার আরো দুইজনকে উদ্ধার করা হয়।

লাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানা প্লাজার বিভিন্ন কারখানায় বাগেরহাটের চিতলমারী উপজেলার ২৫-৩০ জন কাজ করতেন। এদের মধ্যে আমাদের হিজলা গ্রামেরই আছে ১২ জন। আমরা দু’জন ছাড়া এখনো বাকি ১০ জনের সন্ধান পাওয়া যায়নি।”

তিনি আরো বলেন, মঙ্গলবার ভবনে ফাটল দেখা দিলে সকাল ১০টায় সব কারখানা ছুটি ঘোষণা করা হয়। দুপুরে আবার কাজে যোগ দিতে বলা হলেও শ্রমিকরা কাজে যোগ দেননি।

“বুধবার সকালে তাদের কারখানার শ্রমিকরা মালিকদের চাপে কাজে যোগ দেন। তবে আমিসহ অন্তত দুইশ’ শ্রমিক ভয়ে কাজে যোগ দিতে আপত্তি জানাচ্ছিলাম। কর্তৃপক্ষ কাজে না গেলে বেতন বন্ধের হুমকি দিয়ে মাইকিং করে এবং তাদের কাজে যোগ দিতে বাধ্য করে।”

বেঁচে যাওয়া এই নারী শ্রমিক বলেন, তারা কাজ শুরুর ১৫ মিনিট পরে বিকট শব্দে ভবন ভেঙে পড়তে শুরু করে। এ সময় তার সহকর্মী নাজমা (নিখোঁজ) তাকে দৌড় দিতে বলেন। পরের ঘটনা তার আর মনে নেই।

পরে নিজেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিষ্কার করেন তিনি।

নিজ উপজেলার নিখোঁজদের মধ্যে হিজলা কাজিপাড়ার লিফুজা বেগম (৩০), হিজলার রুস্তম আলী (৩৬) ও রাবেয়া বেগম (৩০), ঘোলা গ্রামের নাজমা (৩২), কাননচক গ্রামের সোহান শেখ (২৫), বড়বাড়িয়া ইউনিয়নের আফরোজা আক্তার, কলাতলা ইউনিয়নের শৈলদহ গ্রামের রাজু শেখ, চর চিংগুড়ি গ্রামের ইব্রাহিম শেখ এর নাম উল্লেখ করেন লাকি।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুলু বিলকিস বানু শুক্রবার বিকেলে নিখোঁজ কয়েকজন গার্মেন্ট শ্রমিকের বাড়িতে গিয়েছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার অন্তত ২৫/৩০ জন পোশাক শ্রমিক ছিলেন ওই ভবনে, যাদের অধিকাংশই এখনো নিখোঁজ।