ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় জাবির ৭ ছাত্র বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে দুই ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় সাত ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকেলে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সদস্য সৈয়দ কামরুল আহছান এ তথ্য জানান।
বহিষ্কৃতরা হলেন-পরিসংখ্যান বিভাগের আনিসুর রহমান, দর্শনের তানভীর হাসান খান ও মহাব্বত হোসেন, গণিতের সাদ্দাম হোসেন ও অর্থনীতির নুরুদ্দীন মাহমুদ, আইবিএ'র মুশফিক মহম্মাদ আবদুল্লাহ ও আন্তর্জাতিক সম্পর্কের মাহমুদুল হাসান।
এদের মধ্যে আনিসুর ও তানভীরকে দুই বছরের জন্য বহিষ্কারের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাদ্দাম ও নুরুদ্দীনকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহাব্বত ও মুশফিককে পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক বছরের স্থগিত বহিষ্কার করা হয়েছে। আর মাহমুদুলকে দুই হাজার টাকা জরিমানা করে দুই মাসের জন্য স্থগিত বহিষ্কার করা হয়েছে।
সতর্ক করা হয়েছে গণিতের নওশের আলী এবং ইংরেজির মশিউর রহমানকে।
স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ায় ছাত্রলীগ কর্মী সুবল দেবনাথকে পাঁচ হাজার টাকা জরিমানা করে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে স্নাতকোত্তরের দুই ছাত্রী রিকশায় করে যাওয়ার সময় ক্যাম্পাসের টারজান পয়েন্টের কাছে নববর্ষের শোভাযাত্রা থেকে তাদের গায়ে রং দেয়া হয়। প্রতিবাদ করলে কামাল উদ্দিন হল ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের চড়-থাপ্পড় মারে এবং পোশাক ধরে টানাটানি করে।
