ভবন ধসে আহতদের জন্য নারায়ণগঞ্জে রক্তদান
সাভারে ভবন ধসে আহতদের বাঁচাতে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ ও ফতুল্লার কাঠেরপুল এলাকার রপ্তানীমুখী পোশাক কারখানা মাইক্রোফাইবার গ্রুপের উদ্যোগে রক্ত সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে রক্ত সংগ্রহ করে নারায়ণগঞ্জ কলেজ ছাত্র সংসদ। এছাড়া ছাত্র সংসদ আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, ছাত্রদল নেতা দিদার খন্দকার, আরাফাত চৌধুরী, কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মির্জা কামাল উদ্দিন জনি, এম এ সাগর, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতা জাকির হোসেন প্রমুখ।
তাদের এ উদ্যোগে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএমএ সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী।
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।
সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।
আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
পোশাক শ্রমিকদের রক্তদান
ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত মাইক্রোফাইবার গ্রুপের শ্রমিকরা আহতদের জন্য রক্তদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের ভেতরে জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী, মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক আমিরুল হক, মানব সম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান, ডা. জহিরুল হক, ডা. জলিল আহম্মেদ প্রমুখ।
এদিকে সাভারে ভবন ধসে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ জেলার সব মসজিদে মোনাজাত করা হয়।
ত্বকী মঞ্চের সমাবেশ স্থগিত
সাভারে ভবন ধসে বহু হতাহতের ঘটনায় শুক্রবার বন্দরের সিরাজদ্দৌলা মাঠে পূর্বঘোষিত সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
তবে বিকেলে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় জানান, সাভারে ভবন ধ্বসের ঘটনায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের কর্মসূচী স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কবে সমাবেশটি অনুষ্ঠিত হবে তা সবাইকে জানিয়ে দেয়া হবে।
