পল্লবীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর
সাভারে ভবন ধসে শ্রমিক হতাহতের ঘটনায় রানা প্লাজার মালিক ও ওই ভবনে থাকা গার্মেন্ট মালিকদের ফাঁসির দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ ও ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা।
পল্লবী থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরের পল্লবী ও ১১ নম্বর সেকশনের বেশ কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
তারা ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
এই পরিস্থিতিতে মিরপুর এলাকার বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে মিরপুর ১৪ ও ১০, শ্যাওড়া পাড়া-কাজীপাড়া এলাকার বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেয়।
পূরবী সিনেমা হলের কাছে পোশাক কারখানা রিনি ও শেলির কর্মী সুমন কায়সার জানান, সকালে কাজ শুরুর পরপরই শ্রমিকরা দর বেঁধে কারখানা থেকে বেরিয়ে যায় এবং বিক্ষোভ শুরু করে। বিশৃঙ্খলার আশঙ্কায় কর্তৃপক্ষ কারখানা শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করে।
পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে ফিরে যাওয়ার সময় শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানায় ঢিল ছোড়ে এবং ভাংচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চিফ সাব এডিটর এহেছান লেনিন ঘটনাস্থল থেকে জানান, পূরবী এলাকার রিনি অ্যান্ড শেলি, শিহা ডিজাইন ও কালসিতে স্ট্যান্ডার্ড গ্রুপের ২২ তলা ভবনসহ বিভিন্ন কারখানার কাচ ভাংচুর করে বিক্ষোভকারীরা।
সাভার বাসস্ট্যান্ডে ৫৬ শতাংশ জমির ওপর গড়ে ওঠা নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।
আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
ভবন ধসে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা। সাভার, আশুলিয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে এসে ভাংচুর শুরু করলে ওই এলাকার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরেও শ্রমিকরা সড়ক অবরোধ করে গাড়ি ভঅংচুর করে।
