‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবি সুন্নি সংগঠনের
ইসলামের নবীর অবমাননাকারী ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুন্নি সংগঠনটির নেতারা বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি নবীর অবমাননাকারী কিছু ব্লগার শনাক্ত করলেও মাত্র চারজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে নিরব হয়ে গেছে বলে মনে হচ্ছে।’
আহলে সুন্নাত নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত সব ব্লগারকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার।
তিনি এ ক্ষেত্রে বিদ্যমান দণ্ডবিধি সংশোধন করে নবীর অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার দাবি জানান, যাতে পরবর্তীতে কেউ এই ইস্যুতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস না করে।
মোছাহেব উদ্দিন আরো বলেন, দেশের অগ্রগতিতে বড় বাধা ‘নাস্তিক্যবাদ ও জঙ্গিবাদ’। এদের দমাতে সরকার ও বিরোধীদলের ঐক্যবদ্ধ প্রয়াস কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আগামী ২৫ মে ঢাকায় সুন্নীদের মহাসমাবেশ সফল করতে সকলের সহযোগিতা চাওয়া হয়। গত ২০ এপ্রিল চট্টগ্রামের লালদীঘি মাঠে সুন্নী সমাবেশ করে ১২ দফা দাবি দিয়ে ঢাকায় এ মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়।
২০ এপ্রিলের সমাবেশ থেকে ‘নাস্তিক’ ব্লাগারদের শাস্তি দাবির পাশাপাশি হেফাজতে ইসলামকে ‘জঙ্গিবাদী’ আখ্যা দিয়ে তাদের কড়া সমালোচনা এবং তাদের কর্মকাণ্ড নজরদারিতে আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য স উ ম আবদুস সামাদ, মাওলানা এম এ মতিন, আল্লামা এম এ মান্নান, মুফতি সৈয়দ অছিয়র রহমান, গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ প্রমুখ।
