২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাভারের ধস কর্মস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে’

সাভারে ভবন ধসের ঘটনা বাংলাদেশে কর্মপরিবেশে নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন তুলবে মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

এ  ঘটনা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি শুনানিতে প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে মজিনা বলেন, “আমি নিশ্চিত, শুনানিতে এ ঘটনার প্রভাব পড়বে।”

অবশ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাভারের ধস প্রভাব ফেলবে কি না- সে বিষয়ে নিশ্চিত নন রাষ্ট্রদূত।

তিনি বলেন, “এ ঘটনায় এখনো সবাই হতবাক।”

ভবন ধসে বিপুলসংখ্যক মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক মন্তব্য করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান মজিনা।

তিনি বলেন, “এ ঘটনা অবশ্যই কর্মপরিবেশের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে।”

বুধবার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সেখান থেকে দুই শতাধিক লাশ উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন আমেরিকান ফেডারেশন অফ লেবার-কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) ২০০৭ সালের জুনে দেশটির ট্রেড রিপ্রেজেন্টেটিভে(ইউএসটিআর) এক আবেদনে বাংলাদেশ থেকে জিএসপি সুবিধা প্রত্যাহারের দাবি জানায়। মানসম্মত কর্মপরিবেশ না থাকার কারণ দেখিয়ে তারা এ দাবি তোলে।

গত মাসে ওই আবেদনের চূড়ান্ত শুনানি হলেও সিদ্ধান্ত আসবে মে মাসের শেষ বা জুনের শুরুতে।

বৃহস্পতিবার রাজধানীতে পরিবেশ বিষয়ক তরুণদের এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত মজিনা।

তিনি বলেন, ওই আবেদনে যে ১৯টি প্রশ্ন তোলা হয়েছিল তার সব কয়টিতেই ‘সময়মত’ সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার।