২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায় নিতে হবে গার্মেন্ট মালিকদেরও: বাণিজ্য সচিব

ফাটল ধরা ভবনে জোর করে শ্রমিকদের কাজে পাঠিয়ে থাকলে এর দায় গার্মেন্ট মালিকদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 11:31 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

তিনি বলছেন, এ ধরনের কাজ করে থাকলে তারা অন্যায় করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্তি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

মাহবুব আহমেদ বলেন, “ভবনে ফাটল ধরেছে জানার পরও যদি গার্মেন্ট মালিক জোর করে শ্রমিকদের কাজে পাঠিয়ে থাকেন তবে তারা অন্যায় করেছে। এক্ষেত্রে বিজিএমইএ’রও দায়িত্ব ছিল।”

কেউ অন্যায় করে থাকলে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

ধসের এই ঘটনায় বুধবার রাতে পুলিশ ও রাজউকের পক্ষ থেকে সাভার মডেল থানায় দুটি মামলা করা হয়েছে, যাতে ভবনের মালিক ও সেখানে থাকা পোশাক কারখানার মালিকদের আসামি করা হয়েছে।

হাইকোর্টও তাদের আগামী ৩০ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র কাছে মন্ত্রণালয় কোন জবাব চাইবে কিনা জানতে চাইলে বাণিজ্য সচিব কোন মন্তব্য করতে রাজি হননি।

বুধবার সাভারে রানা প্লাজার ধ্বসের পর ঘটনাস্থলে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের কাছে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানাকে ঘটনার জন্য দায়ী করেন।

ওই সময় তিনি বলেন, “মঙ্গলবার ফাটল ধরার পরপরই বিজিএমইএর একটি পরিদর্শক দল শিল্প পুলিশের সঙ্গে ভবনটি ঘুরে দেখে। পরে ভবনের মালিককে বলা হয় যাতে বুয়েট থেকে বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করা পর্যন্ত ভবনটি বন্ধ রাখা হয়।”

ভবন মালিক সোহেল রানা পরিদর্শক দলকে ভবন বন্ধ রাখার ব্যাপারে আশ্বস্ত করলেও পরে তা তিনি মানেননি বলে উল্লেখ করেন আতিকুল ইসলাম।

মঙ্গলবার রানা প্লাজায় ফাটল ধরার পর ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বুধবার সকালে গার্মেন্ট মালিকরা ফাটল ধরা ভবনেই শ্রমিকদের কাজ শুরু করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা অনেকেই।

ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা ইতোমধ্যে দুশ’ ছাড়িয়ে গেছে।

ভবনে ফাটল ধরার পরও গার্মেন্ট মালিক জোর করে শ্রমিকদের কাজে পাঠানোতে বিজিএমই’র দায় আছে কিনা জানতে চাইলে মাহবুব আহমেদ বলেন, “যদি তারা জেনে থাকেন যে ভবনে ফাটলে ছিলো তবে তাদেরও দায়িত্ব ছিল।”

মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পাওয়ায় ভবন ধসের ঘটনা প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, “গতকালই আমরা এ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি। তবে সেখানে ভবন ধসের বিষয়টি ছিল না। পরবর্তীতে কিছু জানতে চাইলে প্রক্রিয়া মেনে তা জানানো হবে।”

সংসদীয় কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম জানান, সংসদীয় কমিটির বৈঠকে ভবন ধসে নিহতদের স্মরণে শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের সুচিকিৎসা ও আটকে পড়াদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ শক্তি প্রয়োগের অনুরোধ জানানো হয়।