৮ বছরে তিন ধসে নিহত আড়াইশ’র বেশি
দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে গত আট বছরে ভবন ধসের তিনটি ঘটনায় মৃতের সংখ্যা আড়াইশ’ ছাড়িয়েছে।
সর্বশেষ ভবন ধসের ঘটনা ঘটেছে বুধবার সকালে। সাভার বাসস্ট্যান্ড এলাকায় নয়তলা ভবন রানা প্লাজা ধসে কতজন নিহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো না জানা যায়নি। তবে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ছাড়িয়েছে অতীতের সব ভবন ধসে ক্ষয়ক্ষতির হিসাব।
ভবনটি ধসে পড়ার ২৪ ঘণ্টা পরেও ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে আছেন। এখন পর্যন্ত নিহত দেড় শতাধিক মানুষের লাশ উদ্ধার করা হয়েছে সেখান থেকে।
ওই ভবনে থাকা চারটি গার্মেন্ট কারখানায় প্রায় সাড়ে তিন হাজার কর্মী কাজ করছিলেন। মঙ্গলবার ফাটল দেখা দেয়ার পরও বুধবার সকালে শ্রমিকদের জোর করে কারখানায় ঢোকান মালিকপক্ষের লোকজন।
এই ঘটনার আগে ২০০৫ সালে সাভারের বাইপাইলে স্পেকট্রাম গার্মেন্টসের ভবন ধসে পড়ে। তাতে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারান ৮৫ জন শ্রমিক। আর ২০০৬ সালে একই ধরনের ঘটনায় তেজগাঁর ফিনিক্স গার্মেন্টসে নিহত হন ২১ জন।
এ বিষয়ে বাংলাদেশ ইন্সটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানত দুটি কারণে এই ধরনের ঘটনা ঘটে। প্রথমত এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। দুর্ঘটনার পরেই ব্যাপারটি সবার নজরে আসছে। এছাড়া কোনো ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তিও হচ্ছে না।”
এই প্রসঙ্গে ২০০৫ সালের স্পেকট্রাম গার্মেন্টসে ভবন ধসের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “ওই ঘটনায় স্পেকট্রামের মালিকের বিরুদ্ধে ৪৫টি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু ওই মামলা নিষ্পত্তি হয়েছে বা মালিকের কোনো শাস্তি হয়েছে এমন কোনো তথ্য আমরা পাই নি।”
এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, “এসব ঘটনার জন্য মালিকপক্ষ এক প্রকার অলিখিত দায়মুক্তি পেয়ে যায়। যদি এমন হতো যে এরকম ঘটনা ঘটার সাথে সাথে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা যেত এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করা যেত তাহলে এত ঘন ঘন এই ধরনের ঘটনা ঘটতো না।”
সাভারের রানা প্লাজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই ঘটনার জন্য মালিকপক্ষ, তাদের সংগঠন বিজিএমইএ ও সরকার কেউই দায় এড়াতে পারে না।”
বিলসের তথ্য অনুসারে ২০০২ থেকে ২০১২ সালের নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় প্রায় সাতশ’ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারেরও বেশি।
