শোকে মুহ্যমান জাতি
সাভারে দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধস ও হতাহতের ঘটনায় জাতীয় শোক পালন করা হচ্ছে বৃহস্পতিবার।
তবে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে এ ঘোষণা দেন।
সাভার বাসস্ট্যান্ড এলাকার ‘রানা প্লাজায়’ মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার ভবনটি ধসে পড়ে। যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়।
ফাটল ধরার পর মঙ্গবার কারখানাগুলো বন্ধ রাখা হলেও বুধবার সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ এসেছে।
ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। ১২০ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।
ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছেন বহু মানুষ। ‘নিখোঁজ’ স্বজনদের খোঁজে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ভিড় করেছেন বহু মানুষ।
উদ্ধারকাজের তদারকির দায়িত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিকুল আলম শিকদার বলছেন, আটকে পড়া সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।।
উদ্ধার কাজ পুরোপুরি শেষ হতে দুই-এক দিন লাগতে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
