২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে আহতদের জন্য কুমিল্লাবাসীর রক্তদান

সাভারে বহুতল ভবন ধসে আহতদের রক্ত দিতে এগিয়ে এসেছে কুমিল্লাবাসী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার বিকালে রক্ত চেয়ে মাইকে ঘোষণা দেয়ার পর সন্ধ্যা পর্যন্ত শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ করেছে ‘আমরা কুমিল্লাবাসী’ নামের একটি সংগঠন।

এ উদ্যোগের সমন্বয়ক সাংবাদিক বাহার রায়হান বলেন, “রাস্তায় টেবিল পেতে আমরা রক্ত সংগ্রহ করছি। আহতদের বাঁচাতে মানুষ লাইন ধরে রক্ত দিচ্ছে।

“রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সবাই রক্ত দিয়েছেন।”

রক্ত সংগ্রহের কাজে সহযোগিতা করেছে কুমিল্লা মেডিসিন ক্লাব ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম।

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফাটল ধরা বহুতল ভবন ‘রানা প্লাজা’ বুধবার সকালে ধসে পড়ে  বহু মানুষ হতাহত হয়েছে। ধ্বংস্তূপের নিচ থেকে বুধবার বিকাল পর্যন্ত অন্তত ৮৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।  এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে কয়েকশ’ মানুষকে আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়েছে।