‘সাভারে আহতদের চিকিৎসা বিনা খরচে’
সাভারে বহুতল ভবন ধসে আহতদের বিনা খরচে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানিয়েছেন।
“এখানে যাদের চিকিৎসা সম্ভব নয় তাদের ঢাকায় পাঠানো হবে।”
মঙ্গলবার ফাটল ধরা ‘রানা প্লাজা’ নামের নয় তলা ভবনটি বুধবার সকাল সাড়ে আটটার দিকে ধসে পড়ে।
ধ্বংসস্তূপ থেকে দুপুর পর্যন্ত ৭০ জনেরও বেশি লাশ উদ্ধার করা হয় বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
মঙ্গলবার ফাটল দেখা যাওয়ার পরও কেন সকালে ওই ভবনের চার গার্মেন্ট কারখানা খুললো জানতে চাইলে মন্ত্রী বলেন, “বিষয়টি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।”
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার হোসেন জানান, লাশ সৎকারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।
ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুণর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি।
