২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ নয়, গণমাধ্যমে রক্ষা করছে সরকার: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা তো করছেই না, বরং গণমাধ্যমকর্মীরা আক্রান্ত হলে তাদের পাশে দাঁড়াচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সরকার গণমাধ্যমের ওপরও নিয়ন্ত্রণ খাটাচ্ছে- আমার দেশ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের এই সমালোচনার মধ্যে মঙ্গলবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, “মহাজোট সরকার গত চার বছর ধরে খবরদারি-নজরদারি (গণমাধ্যমের ওপর) করছে না। যারা গণমাধ্যমকর্মীদের ওপর হাত দিচ্ছে তাদের ওপর হস্তক্ষেপ করছে সরকার। গণতন্ত্র বাঁচাতে হাত দেয়া হচ্ছে।”

গণমাধ্যমকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার জন্য বিরোধী দলকে দায়ী করে তিনি বলেন, “গণমাধ্যমের বন্ধু হওয়া উচিত ছিল বিরোধী দলের, সরকার তাদের শত্রু হওয়ার কথা।”

গঠনমূলক সমালোচনা সরকার সহ্য করছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম চেম্বার আয়োজিত ‘ইকনোমিক রিপোর্ট : প্রেক্ষিত চট্টগ্রাম’  শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হওয়ার ক্ষেত্রে অর্থনীতির ভিত মজবুত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।   

“আমাদের দেশে গণতন্ত্র এখনো দুর্বল। টেকসই গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যম দরকার।আর দুর্বল অর্থনীতি হলে শক্তিশালী গণমাধ্যমও হয় না।”

দেশের স্বার্থে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, “ফটিকছড়িতে হামলাকে হামলা, তাণ্ডবকে তাণ্ডব, রেল লাইনের ফিশপ্লেট তুলে ফেলা ও গাড়িতে আগুন দেয়াকে নাশকতা বলতে হবে।”

অভ্যন্তরীণ শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম এশিয়ার ‘পূর্ব-পশ্চিম’ কেন্দ্র হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের অধ্যাপক মো. সেলিম উদ্দিন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চেম্বার সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী প্রমুখ।