২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কিশোরী ধর্ষণ: ২ যুবকের যাবজ্জীবন

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সেইসঙ্গে প্রত্যেক আসামির এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড  হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নয়ন মিয়া (২০) ও আসাদ মিয়া (২৪)।

নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্র্রাইব্যুনালের বিচারক ইনামুল হক ভূঞা মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, বাদী শীতল চন্দ্র বর্মণ তার বোন স্বপ্না রাণী বর্মণ (১৪) ও এক জেঠাতো বোনকে নিয়ে গত বছরের ১৫ অক্টোবর সন্ধ্যায় পূজা অর্চণা দেখার জন্য পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চালাকচরের মোদক বাড়িতে যান। পূজা দেখে তারা তিনজন জন পায়ে হেটে বাড়ি ফেরার পথে পশ্চিম চালাকচর গ্রামের বাবু মেম্বারের মুরগীর ফার্মের কাছে কাঁচা রাস্তায় পৌঁছলে আসামী নয়ন ও আসাদ তাদের গতিরোধ করে।এরপর তারা স্বপ্নাকে টেনে রাস্তার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শীতল চন্দ্র বর্মণ বাদী হয়ে মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর গ্রামের আব্দুল বাতেন ওরফে বাতুর ছেলে নয়ন ও একই গ্রামের তোতা মিয়ার চেলে আসাদ মিয়াকে আসামী করে মনোহরদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম চৌধুরী দর্পণ। আর  আসামীপক্ষে ছিলেন অ্রাডভোকেট এমএএন অলিউল্লাহ।