২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদল-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 05:25 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার সকালে এ ঘটনার সময় অন্তত তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।

মতিহার থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে ছাত্রদল পুলিশ ফাঁড়ি এলাকা থেকে একটি মিছিল বের করে বিনোদপুরের দিকে যায়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়।

পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি।

শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক আরাফাত রেজা আশিক।