বিয়েতে রাজি না হওয়ায় ভাবীর বোনকে খুন
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নেত্রকোনায় ভাবীর ছোট বোনকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
সোমবার রাতে নিজ বাড়িতে জাসমীনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে মদন থানার ওসি মাহবুবুর রহমান জানান।
ঘাতক একই গ্রামের মৃত মর্তুজা আলীর ছেলে জাহেদ মিয়াকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে নিহতের পরিবারের সদস্যরা।
ওসি জানান, জাহেদের বড়ভাই আলী নেওয়াজের সঙ্গে জাসমীনের বড় বোনের বিয়ে হয়েছে। জাহেদের সঙ্গে বিয়ের প্রস্তাব দিলে তাতে রাজি হননি জাসমীন।
“এতে ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে জাসমীনদের বাড়িতে গিয়ে জাহেদ তার ওপর হামলা চালায়। পেছন দিক থেকে জাসমীনের ঘাড়ে ছোরা দিয়ে আঘাত করে জাহেদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,” বলেন তিনি।
ওসি জানান, নিহতের পরিবারের সদস্যরা জাহেদকে আটক করে মারধর করেছে। পুলিশি হেফাজতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই ভাইকেও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
